রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৭ গ্রেপ্তার, বিপুল মাদক ও বিস্ফোরক উদ্ধার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরক তৈরির উপকরণ, ধারালো অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং বিস্ফোরিত ককটেলের একটি টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর পাশাপাশি একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন