৫১ বছর বয়সে ইতিহাস, ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড স্পিনারের
বয়স যে সাফল্যের পথে বাধা নয়, সেটিই যেন আবারও প্রমাণ করলেন জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আইল অব ম্যানের এই অফস্পিনার।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিস নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়েন হিকস। মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। তার ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি গ্রিসের ব্যাটাররা। ১৫ ওভারে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই মাত্র একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আইল অব ম্যান। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হিকসের অবিশ্বাস্য বোলিং কীর্তি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে ফাইফার নিয়েছিলেন তিনি। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন হিকস।
সেই ঐতিহাসিক টেস্টে অবশ্য দুই ইনিংসেই ৫ বা তার বেশি উইকেট নিয়েছিলেন আইরনমঙ্গার। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। ১৪ টেস্টের ক্যারিয়ার শেষে ১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
জোয়ানা হিকসের বয়সকে হার মানানো সাফল্যের গল্প অবশ্য এবারই প্রথম নয়। ২০২৪ সালে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে গ্রিস ও মাল্টার বিপক্ষে মাত্র ছয় দিনের ব্যবধানে দুটি ফাইফার নিয়ে নারী ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বয়োজ্যেষ্ঠ ফাইফার শিকারি হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।
মতামত দিন