Views Bangladesh Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।

শুক্রবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের আশারিয়ারচর সেতুতে সংস্কারকাজ শুরু হওয়ার পর যানজটের সূত্রপাত হয়। শনিবার সকাল নাগাদ যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে, সেতুটির ঢাকামুখী অংশে বড় একটি গর্ত তৈরি হয়ে ক্রমেই প্রশস্ত হচ্ছিল। এতে সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সংস্কারকাজের জন্য সেতুটির দুটি লেনের একটি বন্ধ করে দেওয়া হয়। ফলে বাকি একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে থাকে।

যানবাহনের চাপ বাড়তে থাকায় ধীরে ধীরে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ হতে থাকে যানজট। একপর্যায়ে এর বিস্তৃতি চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আশারিয়ারচর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারে পৌঁছে যায়।

যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তিনি যানজটে আটকে আছেন। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় বলেন, আশারিয়ারচর সেতুর কাছে সংস্কারকাজের কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে দাউদকান্দি থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এলাকায় যানজটের প্রভাব বেশি পড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ