Views Bangladesh Logo

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৫০টি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) আটজন রয়েছেন।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩৬ হাজার ৬৪৯টি ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন এবং আট বোতল ফেনসিডিল।

এ ছাড়া পুলিশের অভিযানে দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, চার লিটার পেট্রল এবং ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ