ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, যানবাহন ও চোরাই মালামালসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
ডিএমপির হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে, ১২০ জন। এছাড়া গুলশানে ৯৩, ওয়ারীতে ৬৫, উত্তরা বিভাগে ৬৩, লালবাগে ৪৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১ এবং রমনা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার হয়েছেন আরও সাতজন।
অভিযানে একটি সুইচ গিয়ারসহ মোট দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া অভিযানে ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই অর্থ এবং ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন