Views Bangladesh Logo

ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল আসছে। শুক্রবার (২৭ মার্চ) দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই জ্বালানি পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি পাইপলাইনে দ্বিতীয় দফার ডিজেল আমদানি। এর আগে গত ১৩ মার্চ একই পদ্ধতিতে ৫ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছিল।

ডিপো সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকেই পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টার মধ্যে তা পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে।

ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানিয়েছেন, নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে ডিজেল সরবরাহ কার্যক্রম চলছে এবং নির্ধারিত সময়েই তা পৌঁছানোর আশা করা হচ্ছে।

বর্তমানে পার্বতীপুর ডিপোর ধারণক্ষমতা ৫৭ লাখ লিটার হলেও মজুদ রয়েছে প্রায় ২২ লাখ ১৫ হাজার লিটার। এছাড়া পেট্রল, অকটেন ও কেরোসিনের মজুদও সীমিত থাকায় সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান মজুদ দিয়ে সর্বোচ্চ সাতদিন সরবরাহ চালানো সম্ভব।

জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের আটটি কৃষিনির্ভর জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত ধাপে ধাপে ডিজেল আমদানি করা হচ্ছে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বিপিসির নিজস্ব অর্থায়নে এবং বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এদিকে, আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিপিসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ