Views Bangladesh Logo

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় সারাদেশে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা জোরদার, দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং রোগীদের জন্য নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অঙ্গীভূত আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।

তিনি জানান, সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার আওতায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবেন একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং আটজন আনসার সদস্য। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবাগ্রহীতাদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ বলেন, হাসপাতালগুলোতে দালালচক্র, অবৈধ অ্যাম্বুলেন্স বাণিজ্য, ওষুধ সিন্ডিকেট এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও আনসার সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সরকারি বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আনসার সদস্যরা ইতোমধ্যে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। উপজেলা পর্যায়েও সেই সুনাম বজায় রাখতে হবে। কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আনসার বাহিনীর নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক সফটওয়্যারভিত্তিক যাচাই-বাছাই ব্যবস্থা চালু রয়েছে। এর মাধ্যমে যোগ্য সদস্য নির্বাচন এবং বাহিনীর পেশাদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।

অতিরিক্ত মহাপরিচালক আশা প্রকাশ করেন, সদস্যদের দক্ষতা, সততা ও শৃঙ্খলাপূর্ণ দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় থাকলে জাপান, সংযুক্ত আরব আমিরাত ও মলদোভাসহ বিভিন্ন দেশে আনসার সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ