বিএসএমএমইউতে ৫০টি গাড়িতে অগ্নিসংযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা কর্মসূচির মধ্যে রাজধানীর শাহবাগে কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
রবিবার (৪ অগাষ্ট) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাঙ্গণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. গুলজার হোসেন উজ্জ্বল এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, বিএসএমএমইউএর বি ব্লকের নিচে থাকা প্রায় ৫০টি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের গাড়ি, মোটরসাইকেল রয়েছে।
অধ্যাপক গুলজার হোসেন উজ্জ্বল আরও বলেন, ‘বর্তমানে চিকিৎসক, নার্সরা যার যার ডিপার্টমেন্টে আটকা পড়ে আছেন। রোগী ও রোগীর স্বজনেরা অনেক আতঙ্কিত। এখন পর্যন্ত হাসপাতালে দায়িত্বরত কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে তাদের আহতের মাত্রা কতটুকু এখনও জানা যায়নি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে