বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ উত্তরপত্র
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বিদ্যালয়ের বড়মাঠের উত্তর–পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরি করার সময় একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেগুলো চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, উদ্ধার হওয়া খাতাগুলো ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার উত্তরপত্র।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়। পরে মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে সেগুলো বিতরণ করা হয়। বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের আরও সতর্ক থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রের বান্ডিল উদ্ধার করে। বর্তমানে খাতাগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন। তিনি বলেন, কার দায়িত্বে থাকা অবস্থায় উত্তরপত্রগুলো মাঠে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে