চিকিৎসা ব্যয় মেটাতে বছরে ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন: অধ্যাপক শাহিনুল
প্রতি বছর দেশের প্রায় ৫০ লাখ মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে দারিদ্র্যসীমার নিচে নেমে যান বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
‘স্বাস্থ্যসেবায় আর্থিক বোঝা সাধারণ মানুষের জীবনকে খুবই কঠিন করে তুলছে’- বলেন তিনি।
রোববার (৪ মে) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) চতুর্থ অন্তর্বর্তী অধিবেশনের উদ্বোধন করেন অধ্যাপক শাহিনুল।
তিনি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য ঋণ এবং অনেকেই সেই ঋণ পরিশোধে জমি বা সম্পদ বিক্রি করতে বাধ্য হন। ঋণ এবং সুদের বোঝা বহনকালেও কখনও কখনও তারা প্রয়োজনীয় চিকিৎসা পান না অথবা দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনের চেষ্টায় মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা এবং সাধারণ মানুষের প্রতি অবহেলা তুলে ধরে’।
বিএমইউ’র উপাচার্য বলেন, ‘স্বাস্থ্যসেবা দেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলো চিকিৎসাসেবা নেয়া মানুষ বাড়লেও সরকারি-বেসরকারি ব্যয় নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। রোগী বাড়লেও চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর ব্যবস্থা বা নীতিমালার অভাব রয়েছে।
তিনি বলেন, ‘বেশিরভাগ উন্নত দেশে আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম পাওয়া যায়, কিন্তু রোগী কম। আর বাংলাদেশে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রোগীর অভাব নেই, তবে সঠিক ব্যবস্থাপনা এবং দক্ষতার অভাব সমস্যাটিকে আরও জটিল করে তুলছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে