Views Bangladesh Logo

কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সংঘর্ষে আহত ৫০, বিজিবি মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুয়েট ক্যাম্পাসের পকেটে গেইট থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে নগরীর রেলিগেট, তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। আহতদের বেশিরভাগকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কুয়েটে মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যসহ দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে শিক্ষার্থীরা কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান দেয়, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা’ ‘ছাত্ররাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই' বলে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ