মালয়েশিয়ায় ৩৫ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক
মালয়েশিয়ার একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ করা ৫০ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি শ্রমিক রয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত এক পোশাক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪৬ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওই প্রতিষ্ঠান থেকে আরও ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন বার্মিজ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।
অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পোশাক কারখানাটি গত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে