বগুড়ায় ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বগুড়ায় একসঙ্গে মদপানের পর বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পরদিন সোমবার (১৮ মে) সকালে অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতনের শিকার তরুণী মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. রকি (১৯)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে তাদের সঙ্গে যোগ দেন রনি।
সূত্রে আরও জানা যায়, মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছান। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে