Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস চলার সময় হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে শ্রেণিকক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে।

অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফ্যানটি সরাসরি কারও মাথার ওপর না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ জানান, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ঘটনাটি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ