ভিক্ষাবৃত্তির জন্য শিশুর অঙ্গহানি, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে এক শিশুর অঙ্গহানির অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার একটি আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সালাউদ্দিন (৩০), মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া (২৬), খন্দকার ওমর ফারুক (৩২), রমজান (২৮) ও সাদ্দাম (২৪)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউসার ও নাজমা আক্তার নামে আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১০ সালের ৬ সেপ্টেম্বর আসামিরা কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছর বয়সী এক বালককে অপহরণ করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। এর পরিপ্রেক্ষিতে শিশুটির বাবা উমেদ আলী মামলা দায়ের করেন। র্যাব তদন্ত করে ২০১১ সালের ১৫ মে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বাসস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে