সৌদিতে আগুনে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ দেশে আসবে শনিবার
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে নওগাঁর আরও পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দেশে ফিরতে যাওয়া নওগাঁর পাঁচজন হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন এবং সদর উপজেলার একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আনা হয়েছিল। এবার বাকি পাঁচজনের মরদেহ ফেরার মধ্য দিয়ে নওগাঁর ছয় পরিবারের অপেক্ষার অবসান ঘটবে।
মতামত দিন