Views Bangladesh Logo

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহের পাশে ৫ চিরকুট, চলছে যাচাই-বাছাই

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ সময় লাশের পাশ থেকে উদ্ধার করা হয় পাঁচটি চিরকুট। এসব চিরকুটে জীবন নিয়ে নানা আক্ষেপের কথা লেখা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এগুলোকে 'সুইসাইড নোট' বলে জানালেও যাচাই-বাছাই এখনও চলছে।

পুলিশ বলছে, উদ্ধারকৃত চিরকুটের একটিতে লেখা হয়েছে, ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি বেশকিছু রোগে আক্রান্ত। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। অসুস্থতার কারণে আমি সামাজিকভাবেও পিছিয়ে পড়েছি। রোগের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি আত্মহত্যা করলাম। এজন্য কাউকে যাতে হয়রানি না করা হয়।’

সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের বর্তমানে দায়িত্বে থাকা সুমন চৌধুরীকে অনুরোধ করে আরেকটি চিরকুট লেখা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেটিতে বলা হয়—‘তোমার সঙ্গে একসাথে দেড় যুগ কাজ করেছি। কখনো কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করিও। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। যদি পারো দৈনিক সমকাল পত্রিকায় আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।’

আরেক চিরকুটে স্ত্রী প্রিয়াংকাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘প্রিয়াঙ্কা আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) দেখে রেখো এবং লেখাপড়া চালিয়ে যেও। দীপক (পুলক চ্যাটার্জির ভাই) এর সাথে থেকো ও তোমাদের আগলে রাখবে।’

পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জিকে উল্লেখ করে আরেক চিরকুটে লেখা হয়েছে, ‘আমাকে ক্ষমা করিস। তোর ওপর অনেক বোঝা চাপিয়ে গেলাম। প্রিয়াঙ্কা (পুলক চ্যাটার্জির স্ত্রী) ও প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) আগলে রাখিস।’

বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে উল্লেখ করে শেষ চিরকুটে লেখা হয়েছে, ‘আমি যেহেতু স্বেচ্ছায় আত্মহত্যা করেছি তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই। প্রশাসনিক ঝামেলা ছাড়া আমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করিও। তোমার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার স্ত্রী প্রিয়াংকা ও প্রকৃতির খেয়াল রাখিও। বিদায়।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ঘটনাস্থল থেকে 'সুইসাইড নোট' শিরোনামে কয়েক পাতার চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যু আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পুলিশ সবকিছু যাচাই-বাছাই করছে। সিআইডির একটি দলও কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে পরিবার ও সহকর্মীরা জানান পুলক দৈ‌নিক সমকাল ব‌রিশাল ব‌্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তি‌নি চাকরিচ‌্যুত হন। চাকরি হারানোর পর থেকে তিনি মানসিক কষ্টে ছিলেন, তবে আত্মহত্যা করার মতো মানুষ তিনি ছিলেন না বলে অনেকেই জানিয়েছেন। অনেকের কাছেই বিষয়টি আকস্মিক মনে হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ