Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, জুনেই প্রাণ গেল ১৩ জনের

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যু।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৪ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। তবে জুনে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। এ মাসেই সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ