Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হন ১২৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কারণে হয়েছে। বাকি ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত এক মাসে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে এবং সন্দেহভাজন হিসেবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৭৪ জন।

অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৮৯৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন। বর্তমানে আরও অনেক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ