Views Bangladesh Logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ২২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন (এম এইচ) তামিম জানান, প্রথম অভিযোগ গত ২০ জুলাই সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে কলেজছাত্র শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিব ও শহীদ জুবায়েরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। রাকিবের পিতা আব্দুল হালিম ও জুবায়েরের পিতা আনোয়ার উদ্দিন অভিযোগটি করেন।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই সন্ধ্যায় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণির ছাত্র মো. মারুফ হোসেনকে (১৯) পুলিশ গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনকে আসামি করে অভিযোগ করা হয়। অভিযোগটি করেন তার বাবা মোহাম্মদ ইদ্রিস।

তৃতীয় অভিযোগে গত ১৯ জুলাই বিকেলে উত্তরা-আব্দুল্লাহপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী শহীদ ফয়সাল সরকারকে (গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়) গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামি করে অভিযোগ করা হয়। অভিযোগটি করেন নিহতের বাবা শফিকুল ইসলাম সরকার।

চতুর্থ অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র শহীদ মাহফুজুর রহমানকে (১৫) গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৬ জনকে আসামি করে অভিযোগ করা হয়। অভিযোগটি দায়ের করেন শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান।

পঞ্চম অভিযোগ গত ৫ আগস্ট বিকেলে উত্তরায় (আজমপুর ফুটওভার ব্রিজের পূর্ব পাশে) সপ্তম শ্রেণির ছাত্র শহীদ সামিউ আমান নুরকে (১৩) গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগটি দায়ের করেন তার পিতা মোহাম্মদ আমানুল্লাহ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ