হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৫ শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে; নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু এই সময়ে ঘটেনি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে মোট ৬৩১টি শিশু। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩টি শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মারা গেছে ৭২৪টি শিশু।
গত ২৪ ঘণ্টার চিত্র বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৪টি শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু, বিপরীতে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৮৭৭টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে, আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ২৮৬ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৬ হাজার ৪১১ রোগী, যাদের ৮২ হাজার ৭৫৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
মতামত দিন