Views Bangladesh Logo

ক্রীড়াঙ্গনে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর করতে এবং তাদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ২ জুনের এক সরকারি আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়। এতে সই করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য চার সদস্য হলেন — জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

সরকারি আদেশ অনুযায়ী, কমিটির কার্যপরিধিতে মোট সাতটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো — ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা ও বিকাশে কর্মকৌশল প্রণয়ন, নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ, তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক-আইনগত সহায়তা প্রদান, ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক উন্নয়ন নিশ্চিত করা, নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি দূর করে সম-আর্থিক সুবিধা প্রতিষ্ঠা, নারীর অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা এবং ক্রীড়াঙ্গনে নারীর প্রতি বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি দুই মাস অন্তর কমিটি তাদের কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন লিখিতভাবে সরকারকে জানাবে। প্রয়োজনে কোনো সুনির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞকে কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ