Views Bangladesh Logo

জিরাভর্তি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ আটক ২

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে জিরাভর্তি একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার এবং বেলাল মিয়া। হেলাল পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। অপর ব্যক্তি বেলাল উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার সকালে সরকারি নিলামের মাধ্যমে ১৭১ বস্তা ভারতীয় জিরা কেনেন মো. ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তি। পরে একটি ট্রাকে করে জিরাগুলো নিয়ে যাওয়ার সময় বাহুবলের মিরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করা হয়।

অভিযোগ রয়েছে, হেলাল মহালদার ট্রাকটি থামিয়ে সেটি একটি পেট্রল পাম্পের পেছনে নিয়ে রাখেন। এরপর তাঁর সহযোগীরা ওবায়দুল্লাহর কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জিরাভর্তি ট্রাক ছাড়বেন না বলেও জানানো হয় বলে অভিযোগ।

বিষয়টি বাহুবল থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হেলাল ও বেলালকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ