নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে