কুমিল্লা পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকাল ও ভোরে জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন- গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) ও একই গ্রামের মোস্তফা (৫২)।
এর আগে ভোরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হন। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের জহিরুল ইসলাম মঈন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার সোহেল রানা (৩৫)।
এ ছাড়া চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরির চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। তার নাম তাইম, সে বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, বুধবার সকালেই এসব দুর্ঘটনা ঘটে এবং এতে পাঁচজন নিহত হন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে