Views Bangladesh Logo

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় সেনাসদস্য সোহেল কাজী (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮) নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ভুটিয়ারগাতি গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তুলি তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলি নিহত হন।

গুরুতর আহত সোহেলকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সোহেল কাজীর বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) একটি শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, তুলি ঘটনাস্থলে এবং সেনাসদস্য সোহেল কাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

প্রতিবেশীরা জানান, সকালে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে স্ত্রী মিনা এগিয়ে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা জানান, স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ডাউন ট্রেনের ধাক্কায় প্রায় ৭০ বছর বয়সী ওই ব্যক্তি আহত হন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শেখ শাজাহান আলী জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ