সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের আবহা শহরে।
নিহতরা হলেন রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৪২), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও দেড় বছর বয়সী শিশু সুবাহ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় তাদের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়িচালক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ির হোসেন মোহাম্মদ জিলানী (বাবর) (৩০)।
গত রোববার সৌদি সময় রাত প্রায় ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় তখন রাত ১১টা। জানা গেছে, ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
নিহত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি তারা জেনেছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে