গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ৫
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে জেলার বেতগ্রাম এলাকায় দোলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তীব্র ধাক্কা লাগে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে