কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজুমিয়া।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে রেলক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী একটি অটোরিকশা। এ সময় দ্রুতগতির চট্রলা এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। এ ছাড়াও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে