গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় শিশুসহ নিহত ৫
গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯), নরসিংদীর শিবপুর থানার আক্সাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতী মোহাম্মদ আলীর ছেলে ৫ বছর বয়সী শিশু আমান উল্লাহ।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে