চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
চট্টগ্রামে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়ার পর অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে জেলার আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, আজ ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে জেলেদের বহনকারী পিকআপ ভ্যানটি পেছন থেকে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আরও চারজন আহত হন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
আকবর শাহ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ বলেন, “জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ থেকে ফোন পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।”
তিনি আরও বলেন, “মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে