গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত এক সংবাদিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এ প্রসঙ্গে সংবাদিক খাদের আল জানুন সিএনএনকে বলেন, শুক্রবার (৮ মার্চ) পশ্চিম গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে বিমান থেকে ত্রাণের প্যাকেট নিচে ফেলতে দেখেছেন তিনি। তবে বিমানটি কোন দেশের ছিল তা নিশ্চিত করতে পারেননি।
এ ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ। তার মতে, এই ঘটনায় আহতদের আল-শিফায় ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সিএনএনের এক ভিডিওতে দেখা যায়, বিমান থেকে ফেলা ত্রাণের প্যাকেটগুলো শরণার্থী ক্যাম্পের ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের কাছে বিক্ষিপ্তভাবে পড়তে দেখা যায়। এ সময় ওই ত্রাণ সংগ্রহের জন্য ছুটে যাওয়া শরণার্থীদের মাথার ওপরে পড়ে ত্রাণের প্যাকেট। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী। ইসরায়েলি এ আগ্রাসনের কারণে অবরুদ্ধ গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই আন্তর্জাতিক সংস্থাটির সতর্কতার পর গত শনিবার প্রথমবারের মতো বিমান থেকে ৩৮ হাজার
খাবারের প্যাকেট ফেলে যুক্তরাষ্ট্র। আর এ ত্রাণ সরবরাহে তাদেরকে সহযোগিতা করেছিল জর্ডানের বিমান বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে