জামালপুরে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫
জামালপুরে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে নির্মিত একটি ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (ঈদের দিন) দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়ার আবির (১৬) এবং বালুগ্রামের রিহাদ (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর যাতায়াতের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ ড্রাম দিয়ে অস্থায়ী ভাসমান সেতুটি নির্মাণ করে। ঈদের দিন ঘুরতে আসা মানুষের ভিড়ে সেতুটিতে অতিরিক্ত চাপ পড়ে। বিকেলে ভিড়ের চাপে সেতুটি হঠাৎ উল্টে গেলে অনেকে পানিতে পড়ে যান। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনও চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া আহত একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে