Views Bangladesh Logo

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ ৫ ছাত্রী, সবার অবস্থা গুরুতর

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পাঁচজনের অবস্থাই গুরুতর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)। তারা সবাই ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী।

মাদ্রাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, বিকেলে পাঁচ শিক্ষার্থী তিনতলা মাদ্রাসা ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর তারা একটি শব্দ শুনতে পান। পরে ছাদে গিয়ে শিক্ষার্থীদের আগুনে ঝলসে যাওয়া অবস্থায় দেখতে পান। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইউসুফ আলী বলেন, মাদ্রাসা ভবনের ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার রয়েছে। ওই তারের সংস্পর্শে কোনোভাবে শিক্ষার্থীরা বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

দগ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে তারা খেলতে ছাদে গিয়েছিল। খেলাধুলার সময় হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ জানান, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ