দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৫
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার বাস-ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর অবস্থায় ২৬ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নাবিল পরিবহনের সুপারভাইজার ও হেলপার, ট্রাকচালক এবং একজন বাসযাত্রী ও শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সঙ্গে আম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয়ে হেলপার ও ট্রাকচালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।
থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
তিনি আরও বলেন, পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহতসহ আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মতামত দিন