খুলনায় দেশি মদ পান করে পাঁচজনের মৃত্যু
খুলনার বয়রা শেরের মোড় এলাকায় দেশি মদ পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার(১৮ জুলাই) বিকেলে অসুস্থ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা যান। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ ‘অজ্ঞাত বিষক্রিয়া’ উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে বলছে, হাতে তৈরি দেশি মদ পান করার ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তিরা হলেন—বয়রা শেরের মোড়ের বাসিন্দা আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) এবং খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)। নিহত তোতার মরদেহ ইতোমধ্যে তার গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার অনুযায়ী, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ওই পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়; কিন্তু মেডিসিন ওয়ার্ডে নেয়ার পথে একে একে সবাই মারা যান। পরে তাদের স্বজনরা মরদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে যান।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, ছয়জন ব্যক্তি একত্রে দেশি মদ তৈরি করে পান করেছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজন বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহতদের ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে