কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
জানা যায়, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহত অপরজন ভারতীয় নাগরিক।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতামত দিন