দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫ বাংলাদেশি
নয়াদিল্লির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশন জানিয়েছে, আহত বাংলাদেশিদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
দিল্লির মালব্য নগরে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। বার্তায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানানো হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি উদ্ধার ও জরুরি সাড়াদানকারী কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, শহরের দক্ষিণ অংশের মালব্য নগর এলাকার ওই ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে একটি হোটেল ছিল। মূলত আবাসিক এই এলাকা ঘনবসতিপূর্ণ এবং শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে জনপ্রিয়।
দিল্লি পুলিশের বিবৃতি অনুযায়ী, আটটি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে আটকে পড়া কয়েকজনকে জানালা ধরে ঝুলে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও; আটকে পড়াদের বের করে আনতে ও আহতদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন তারা।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এপি জানিয়েছে, হতাহতদের কয়েকজন বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসার জন্য বহু বিদেশি রোগী নয়াদিল্লিতে যান এবং সফরকালে আশপাশের হোটেল বা আবাসিক ভবনে অবস্থান করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে