মাদক চোরাচালানের অভিযোগে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার
সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর মেথামফেটামিন, স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত, উদ্ধার করেছে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক বাংলাদেশিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
একই পোস্টে মাদক চোরাচালান বা এ ধরনের অপরাধের কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।
সৌদি আরবে মাদকসংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর অবস্থান রয়েছে। দেশটির আইনে মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধানও রয়েছে।
মতামত দিন