ঈদের নতুন জামা পরা হলো না মরিয়মের, চুলা থেকে লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে চার বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের লাশ বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোর ও তার বাবাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যার আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র মেয়ে। ঈদের মাত্র একদিন আগে এমন ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ নেমে এসেছে।
স্বজনরা জানান, ঈদ উপলক্ষে মেয়ের জন্য কয়েক জোড়া নতুন জামাকাপড় কিনেছিলেন মরিয়মের বাবা-মা। কিন্তু সেই নতুন জামা পরার আগেই তাকে প্রাণ হারাতে হলো।
মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, চেইনটি ছিনতাই করার সময় মরিয়ম চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে লাশ চুলার মধ্যে লুকিয়ে রাখা হয়। নিষ্পাপ এই শিশুহত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের সময় তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ষোলো বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে