৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) রাতে দ্বিতীয় দফায় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের আওতায় শিক্ষা ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে অনেক যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। এই বৈষম্যের প্রতিবাদে প্রার্থীরা আন্দোলনেও নামেন। এর ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে নতুন এই নিয়োগ প্রজ্ঞাপন সামনে এল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সদ্য নিয়োগপ্রাপ্ত ৪০ জন কর্মকর্তাকে আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিকল্প কোনো নির্দেশনা না পেলে নির্ধারিত দিনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং একই সাথে তাঁর নিয়োগপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
মতামত দিন