Views Bangladesh Logo

শেষ পর্যন্ত ভারতে যাচ্ছে ২৪২০ টন ইলিশ

তিন হাজার টন পাঠানোর সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত ভারতে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪৯টি ব্যবসাপ্রতিষ্ঠান মিলে ওই পরিমাণ ইলিশ পাঠাবে পশ্চিমবঙ্গে।

এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে দুই হাজার ৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানগুলোকে রপ্তানির অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সর্বজনীন দুর্গোৎসব উদযাপন করবেন বাঙালি হিন্দু সম্প্রদায়।

২১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের বরাত দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর ভিত্তিতে আবেদন জমা দেয় প্রতিষ্ঠানগুলো।

সাধারণত ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়। তবে এ বছরের শুরুতে এর পক্ষে ছিল না মন্ত্রণালয়টি।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে ভারতে ৭.৭১ মিলিয়ন ডলারের ৬৬৪.৮৬ টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। ওই বছর ধরা পড়া পাঁচ লাখ ৭১ হাজার ৩৪২ টন ইলিশের মধ্যে রপ্তানির পরিমাণ ছিল ১ শতাংশেরও কম। আগের ২০২২-২৩ অর্থবছরে আহরিত পাঁচ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন ইলিশের মধ্যে ভারতে পাঠানো হয় ১৩.৬৮ মিলিয়ন ডলারের এক হাজার ৩৭৬.৪২ টন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ