৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই
৪৮তম বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এ তথ্য জানায়। এতে বলা হয়, পরীক্ষাকেন্দ্র, আসনবিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির (www.bpsc.gov.bd) এবং টেলিটকের (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
পিএসসি জানায়, এ বিসিএস পরীক্ষায় মোট নম্বর হবে ৩০০। এর মধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ২০০ নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০০ নম্বর।
লিখিত এমসিকিউ পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর থাকবে মেডিকেল সায়েন্স বিষয়ে এবং বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ করে নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ করে নম্বর থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে