ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ায় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় জরুরি সেবায় তেমন বিঘ্ন ঘটেনি। হরতালের প্রভাবে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে বাস, ট্রাক, পণ্যবাহী যান ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন স্থানে যানবাহন আটকে থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
আন্দোলনের অংশ হিসেবে বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াঁকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট এলাকায় অন্তত ২০ থেকে ২৫টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে বেলা ১১টা পর্যন্ত কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ কিংবা আটক হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আন্দোলনকারী শাহাদাত হোসাইন অভিযোগ করেন, অনিয়মের মাধ্যমে উপজেলার সদর দপ্তর ভুজপুর মৌজায় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, উপজেলার নাম যখন ফটিকছড়ি উত্তর, তখন সদর দপ্তরও উত্তরাঞ্চলে হওয়া উচিত। যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আরেক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটি উপজেলা সদর রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা করতে হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের অবস্থান নিয়ে স্থানীয়ভাবে মতবিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলন ও ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
মতামত দিন