Views Bangladesh Logo

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫ জেলায় চলছে অবস্থান কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজও তিস্তার চর এলাকায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি স্থানে এই কর্মসূচি পালন করা হচ্ছে। জেলাগুলো হলো-রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম।

সোমবার "জাগো বাহে, তিস্তা বাঁচাই"-এই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচি। জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রংপুরের সদর উপজেলা ও কাউনিয়া উপজেলার মধ্যে তিস্তা রেল সেতু ও তিস্তা সড়ক সেতুর মাঝখানে চর এলাকায় মিছিল করে বিক্ষোভকারীরা। এতে অংশগ্রহণ করেন চরের বাসিন্দাদের পাশাপাশি বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।

এ উপলক্ষে রাতভর পালাগান, সারিগান ও ভাওয়াইয়া গানের আয়োজন করা হয়েছে, যেখানে তিস্তা নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। এ ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকার ৫৫ বছর বয়সী কৃষক শামসুল আলম সংবাদমাধ্যমকে জানান, তিনি গতকাল সকালে তিস্তার চর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং সারারাত তাঁবুতে থেকে আন্দোলনে অংশ নেবেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ