Views Bangladesh Logo

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু, মোটরসাইকেলেই প্রাণহানি বেশি: রোড সেফটি ফাউন্ডেশন

গত আগস্ট মাসে দেশের সড়ক-মহাসড়কে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ। দুর্ঘটনার পাশাপাশি মোটরসাইকেলকেন্দ্রিক প্রাণহানির হারও ছিল উল্লেখযোগ্য।

আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭৬ জন। জুলাইয়ের তুলনায় এই সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেশি। মোট সড়ক দুর্ঘটনায় যত মানুষ নিহত হয়েছেন, তাদের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এরপর রয়েছে পথচারীরা। আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২১ দশমিক ২০ শতাংশ। একই সময়ে যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, একই সড়ক বা লেনে যখন স্বল্পগতির ভ্যান, রিকশা ও থ্রি-হুইলারের সঙ্গে দ্রুতগতির ভারী যানবাহন এবং মোটরসাইকেল চলাচল করে, তখন দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যানবাহনের গতির পার্থক্য ও সড়ক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনা কমাতে কেবল আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না। এ জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কার্যকর ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চালক ও পথচারীসহ সব ধরনের সড়ক ব্যবহারকারীর সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরকারের কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ