Views Bangladesh Logo

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮% পছন্দ করছেন বিএনপি: জরিপ

আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করছেন বলে একটি জরিপে উঠে এসেছে। সেইসঙ্গে, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে ৩৭.৪ শতাংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ জরিপ প্রকাশ করা হয়। রিপোর্টের শিরোনাম ছিল ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’। এটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ। সিআরএফের স্ট্র্যাটেজিক কো-অর্ডিনেটর জাকারিয়া পলাশ প্রতিবেদনটি উপস্থাপন করেন।

জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী। এর বিপরীতে, প্রায় ৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন বা ভোট না দেওয়ার পরিকল্পনা করছেন।

ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দুর্নীতি উঠে এসেছে। অংশগ্রহণকারীদের ৬৭.৩ শতাংশ দুর্নীতিকে প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। তার বিপরীতে, ৩৫.৯ শতাংশ ভোটার ধর্মকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছেন।

জরিপের ফলাফলে দেখা গেছে, পরিচয় বা ধর্মীয় ইস্যুর চেয়ে ভোটাররা শাসনব্যবস্থা, স্বচ্ছতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বয়স ও লিঙ্গ নির্বিশেষে অধিকাংশ ভোটার এমন নেতৃত্ব চাইছেন, যিনি সাধারণ মানুষের কথা ভাবেন এবং কার্যকরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। ব্যক্তিগত ক্যারিশমা কম প্রাধান্য পাচ্ছে; বরং সহমর্মিতা, জবাবদিহিতা এবং শাসনক্ষমতা ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ভোটাররা রাজনৈতিক তথ্যের জন্য টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে সবচেয়ে প্রভাবশালী উৎস হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি দেখা গেছে, অধিকাংশ ভোটার একাধিক প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করছেন, যা প্রথাগত ও ডিজিটাল মিডিয়ার মিশ্র ব্যবহারের প্রবণতা নির্দেশ করে।

নির্বাচনের দিনে নিরাপত্তার বিষয়টিও ভোটারদের জন্য বড় উদ্বেগের কারণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট ভর্তি—এসব আশঙ্কা প্রায় সব রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রয়েছে, যদিও উদ্বেগের মাত্রা দলভেদে ভিন্ন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ