এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৪৮ জন, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে আজ সোমবার ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ এবং ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ঢাকা বোর্ডে ১০ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, কুমিল্লা বোর্ডে ৮ জন, যশোর বোর্ডে ৩ জন, সিলেট বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ৪ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন রয়েছেন।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নয় বোর্ডে ৯ লাখ ৯৭ হাজার ২১ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ২ জন পরীক্ষার্থী। আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৮ হাজার ১৮১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৫২ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ এবং ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন, অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী।
মতামত দিন