ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেল, নগদ টাকা ও বিস্ফোরকসংশ্লিষ্ট আলামত জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
মতামত দিন