সৌদি আরবে পৌঁছেছেন ৪৭৪২০ জন হজযাত্রী
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৯টি ফ্লাইটে সৌদির উদ্দেশে যাত্রা করেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৮৩৭ জন হজযাত্রী রয়েছেন।
শুক্রবার (১৬ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।
হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এই ১১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া হজযাত্রীদের জন্য এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। এসব তথ্য এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ এবং একজন নারী। মৃতরা হলেন- জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের সন্দ্বীপের অহিদুর রহমান (৭২)।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি। এর মধ্য দিয়ে এ বছরের হজ কার্যক্রম শুরু হয়। হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।
সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে